চেয়ে দেখ ঐ বিশ্ব আকাশে
উঠেছে অগ্নিশিখা,
লেলিহান ওর জিহ্বা মেলেছে
কি আছে ভাগ্যে লিখা!
শিখা ধীরে ধীরে জানি বেড়ে যাবে
আকাশের বুক ছেয়ে,
বিজ্ঞান আর শয়তান বুঝি
আসে তাই পিছে ধেয়ে?
আগামী দিনের ইতিহাসে জানি
ভরে যাবে বিভীষিকা,
কোথায় মিলাবে রাশিয়া আমার
কোথা রবে আমেরিকা?
হে আমেরিকা বন্ধু আমার
সময় যায়নি চলে,
রুশিয়া, তুমিও শোন এ মিনতি
মানবের গলে গলে,
করো নাকো খেলা আগুনেরে নিয়া
হিংসার মহামারী!
বাতাসে বাতাসে বিষ বীজ তার
শুরু হল মারামারি।
তারি অভিশাপে চেয়ে দেখ ঐ
দিকে দিকে হানাহানি,
সুখ দুখ নিয়ে ভাইয়ে ভাইয়ে আজ
পড়েছে যে টানাটানি।