কবি ওয়ার্ডম ওয়ার্থের সলিটারি রিপার অবলম্বনে

আমি যেথা এই স্কটল্যান্ডের বিস্তৃত প্রান্তরে

একাকী শুধুই রয়েছি বসিয়া নীরবতা প্রাণভরে

মেলিয়া আঁখিরে দিগন্ত পানে কিছু না দেখিতে পাই

নির্জ্জন এই প্রান্তর মোর হৃদয় ভরেছে তাই।

কোথা হতে যেন এলো ভেসে কানে একটি করুণ সুর

বিরহের ব্যথা মাধুরী মাখিয়া ভেসে চলে বহুদূর

চাহিনু আবার ব্যাকুল নয়নে কে গাহে এমন গান,

এত ব্যথা নিয়ে কে দিলরে সুরে আকুল করিয়া প্রাণ।

নয়নে আমার ধরা দিল সেজে একটি তন্বী তরুণী-

চারিদিকে তার রয়েছে ঘিরিয়া শস্য শ্যামল ধরণী

একাকিনী ঐ বীর যিনি বুঝি প্রান্তর ভূমি মাঝে

করুন ছাঁচেতে বেঁধেছে যে সুর নীরবে আপন কাজে।

বুঝি নিত আমি সেদিন গানের কোনই মর্মকথা

আমি পরদেশী তবু মোর প্রাণে হেনেছে বিরহ ব্যথা

হয়ত সে গান তাহার জীবনে ঘটনার স্মৃতিলিপি

হয়ত সে গান স্বদেশী বীরের নিদারুণ বিধিলিপি।

Copyright Ⓒ Prodyutdutta.com