আমি যেন এক বিরুদ্ধ যৌবন
কামনা আমার নিরুদ্ধ অনুরাগে,
চিত্ত আমার এমনি শিক্ষা হীন
প্রেয়সীর ভীত রাগে।
আমার ভাবনা বেসামাল নীল-নীলে
কলাহক সাথে ধায়,
নীর হারা পাখী সুদূরের আঙ্গিনায়
শুভ্র সেনানী পাখায়।
মৌন যাত্রী ঠিকানা বিহীন পায়ে
উন্মাদ তাড়নায়
আপন সত্তা সান্তনা বানী মাঝে
পশ্চাতে রেখে যায়।
আমি সে যাত্রী পথিকের অনুধাবী,
অনুকম্পার কম্পনে শিহরিত
আমি সে নিশার বিদিশার মোহনায়
ক্ষণিকে আচম্বিত
আমার মিলন স্বপ্ন জানে না গান
তাই তার চোখে চির দিন নিঃষ্প্রাণ
আঁধার আমার প্রথম কিশোর সাথী
হাতছানি দিয়ে ডাকে,
দৃষ্টি বন্ধু আমার বন্ধু নয়
তাই অলক্ষ্যে থাকে,
চন্দ্রকলার ষোল কলা কালো মেঘে
আমাবশ্যারই রীতি।
আমার নিটোল কপাল বেড়িয়া ঘোরে
এ মোর ভাগ্য-প্রীতি
কোনদিন মোর নিমিখ নিমাখি নাই
সেই জানি মোরা নধীশ নিবন্ধন
অকাল যাত্রী অনন্ত রাত হেঁটে
পাবে না উত্তরণ।
আপ্তবাক্য কহেনাত হিয়া মোটে
তরলমতি এ প্রাণ,
দুর্ভাগ্যের শত নিপীড়ন সয়ে,
তবু গাই সেই যৌবন জয়গান।।
আমি দেখি ঘুমন্ত মানুষ জেগে ওঠে
দুঃস্বপ্ন ভেঙ্গে জাগে - যজ্ঞ করে
রক্ত হীন হাত গুলো রক্ত দিয়ে চায় অধিকার
নির্ব্বিচারে হত্যাকরে, নির্ব্বিরোধ জাগে
আর ক্ষণিকের স্বপ্ন যেন মূর্ত্ত হয়ে ওঠে।
আমি চাই আফ্রিকার ভাঙ্গনে
নিত্য যারা সেচ্ছার স্পর্ধিত পদতলে
পেষে, মানুষের মান, সম্নান আর অধিকার
তাদের বিরুদ্ধে যেন জেগে ওঠে
সর্ব্বহারা লক্ষ প্রাণ, এত দিনের তীব্র অত্যাচারে
যাদের কপাল বেয়ে জল ঝরে পড়ে
কৃষ্ণ দেহ মানুষ নয় এমনি এক বোধে
তারা জাগুক, তারা বলুক আমরাও মানুষ
আমরা বাঁচি, দয়ায় নয়, দায়ে নয়
নিজের অধিকারে।
একই সূর্য তাপে এই বীর্যের উন্নেষ
একই বায়ু লয়ে বাঁচে বিশ্বের প্রাণেশ
একই আকাশ তলে লভি জন্ম হই শেষ।
কংগ্রেস কমিউনিস্ট বড় বড় পার্টি লিস্ট
পড়ে আছে স্বার্থের নীচ দ্বন্দ্ব লয়ে
আমরা মানুষ পার্টি পশু নই
চাই সম অধিকার
বুভুক্ষের রক্তহীন দেহে দিতে হবে রক্তের সচ্চার
আমরাও মানুষ একথা মনে রবে
এমন একটি - স্বার্থহীন মানব সংসার।